ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

রুবি রায়, বলে কেউ নেই...

বাল্যকালের প্রেম অভিশপ্ত
বড় হয়ে দেখি আমি সেই
ছোটবেলা ভেবেছি যা অভিকর্ষ
শেষ হয়ে গেছে টান, ছোটবেলাতেই
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...

ভালো থাকা, ভালো লাগা
ভালোবাসা - সবশেষ
সুখ দুখে গড়া নীর
এক ঝড়ে নিঃশেষ ,
হাজার কাজের ভিড়ে হারিয়েছে সেই প্রেম
হাজার কষ্টে তাকে কাছে পেয়েছি যেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... কেউ নেই...

বাড়ি ঘর সব ছেড়ে
পথে পথে ঘুরেছি
সুখের নেশায় কতো
সুখ চুরি করেছি,
আলেয়ার পিছু করে আজ মৃতপ্রায় আমি
জীবনের অবসান এই চোরাবালিতেই,
রুবি রায়, বলে কেউ নেই
রুবি রায়, বলে কেউ নেই... ছিলো না...

মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৩

বিলে

কাল চক্রে ঘুরে ঘুরে আমি আবার এখানে এলাম আজ, অনেক দিনের পর। আশা করি সব্বাই  ভালো আছো, তাই তো? 

এই বছরের প্রথম দিন আমাদের বাড়িতে এলো আমাদের ছোট্ট ছেলে। ভগবানের অশেষ কৃপায় আমাদের বুকে অবতরণ করলো আমাদের ছোট্ট বিলে। হ্যা, বিলে নামেই আমরা ওকে ডাকবো ভেবেছি। আমাদের এতদিনের আশা, ভালবাসা এবং স্বপ্ন নিয়ে সে এলো।

তোমরা সব্বাই আশির্বাদ করবে, যেন সে বড় হয়, মানুষের মত মানুষ হয়।

ভাল থেক, সুখে থেক।

রবিবার, ১০ মে, ২০০৯

আমার মন্তব্য

সচলায়তনে আজ প্রথমবার আমার কবিতা ছাপা হয়েছে। রবিঠাকুরকে নিবেদিত আমার এই কবিতা খানি আজ প্রকাশ পেয়েছে। আমি খুশি।

সচলায়তনের এক অতিথি লেখক লিখেছেন এই গল্পটি। নামঃ মা। গল্প পড়ে আমি এই মন্তব্য করলাম। আমি চাইবো তোমরা সবাই গল্পটি একবার পড়।


আমার মন্তব্য

কাল ছিল বিশ্ব মাতৃ দিবস। গল্পটা শুরু করেছিলাম এই ভেবে যে এই সম্বন্ধেই কিছু লেখা হয়তো হবে। ওই যেমন সবাই লেখে না? Happy Mothers’ Day!! ওই রকম কিছু। তার পর আস্তে আস্তে পড়া শুরু করলাম আর আমার নিজের মায়ের কথা মনে হতে লাগলো।

আমি প্রবাসি। মাকে দেখেছি ২ বছর ৩ মাস ১৪ দিন হয়েছে। মায়ের আওয়াজ শুনি, কিন্তু তাঁকে দেখার সুযোগ হয়ে ওঠে না। মা সারা জীবন আমার যত্ন করেছেন, যেমন সব মায়েরাই করেন; আমার ভালর জন্যে ভেবেছেন, যেমন সব মায়েরাই করেন; হয়তো সব মায়েদের চাইতে আমার মা আমাকে বেসি ভালবেসেছেন। কিন্তু আমি মাকে এই বুড়ো বয়সে ছেড়ে দিয়ে এখানে বাড়ি থেকে এতদুর বসে আছি – যেমন (তমাল ছাড়া) কোনো ছেলেই করে না। জীবনে কিছু এমন decision নিয়েছি যার দরুন আমার মা-বাবা কে আজ কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি নই সেই ছেলে, যার জন্যে মা-বাবা নিজেকে গর্বিত মনে করেন।



গল্পটা পড়ে মনে পরে গেল আমার মায়ের মুখখানি। আমার মা? সবছাইতে সুন্দর মা। দুবছর আগে যখন আমি বাড়ি ছেড়ে আসছি, অটোতে উঠে বসেছি, মা তাকিয়েছিলেন, রাস্তার পাশে। অনেক কিছুই বলেছিলেন। জীবনে প্রথমবার আমি কোথাও যাচ্ছি এবং মা আমার সাথে Airport-এ আসেননি। হয়তো মা রোজ আমার কথা মনে করে কাঁদেন। কিন্তু আমি শুধু একটা কথা ভেবেই খুশি যে এখন মা দূরে আছেন বলে আমার চোখের এই জলবিন্দুগুলো দেখতে পাচ্ছেন না। হয়তো এই আমার সাজা এবং এই তার পরিহাস!

শ্রীতন্ময়

বুধবার, ১১ মার্চ, ২০০৯

আজ দোল পূর্ণিমা।

আজ হোলি। দোল পূর্ণিমা। নানা রঙের নানা খেলা – আবীর, পিচকারি, জল-বেলুন থেকে আরম্ভ করে মিনা রঙ, ভাঙ এবং কব্জি ডুবিয়ে খাওয়া। সব কিছু মিলিয়ে হোলি, বা ছোটোবেলায় যেমন জানতাম – রঙ খেলা।

আমাদের বাড়িতে রঙ খেলার রমরমা ভাব খুব একটা ছিল না। তবে এটা ঠিক যে অন্যান্য দিনের চাইতে এই দিনটা ছিল অনেক আলাদা। ছোটোবেলায় সব বাচ্চাদের মতই আমারও রঙের ভয় ছিল। আমি রঙ খেলতে চাইতাম না। বন্ধুরা সবাই যখন ডাকতে আসতো, তখন আমি মায়ের আঁচলের তলায় অথবা আমার ঘরে, দড়জা লাগিয়ে বসে থাকতাম। তবে মা পাঠিয়ে দিতেন বাইরে – সবার সাথে। কখনো কান্নাকাটি করতাম – যেতাম না। আর দিন গড়িয়ে গেলে খুব কষ্ট হতো। আবার কখনো বেরোতাম – বন্ধুদের সাথে – সারা পাড়াময় ঘুরতাম আর যাকে পারি রঙ দিতাম। খুব ছোটবেলার কথা। একটু বড় হবার পর আর বের হতাম না। বাড়িতেই খেলতাম – মা, মাসি, মামি, কাকিদের সাথে ও ছোট ভাই বোনদের সাথে... ব্যাস। বন্ধুরাও ব্যাস্ত হয়ে গেল এবং রঙ খেলার নিজেদের নিয়ম কানুন করে নিল। অনেক লোক আসতো বাড়িতে তখন – কেউ বাবা মায়ের পায়ে রঙ দিতে অথবা নিজেদের পায়ে রঙ নিতে। অদ্ভুত ব্যাপার ছিল। আমি ছিলাম পাশাপাশি, তবে না থাকার মতো করে। তখন মাঝে মাঝে ইচ্ছে হতো রঙ খেলার। মৈত্রীর সাথে। মনে হতো ও যেন সবসময়ই পাশে থাকে। মনে হতো একটু আবীর ওর নাকে, গালে, হাতে ছুঁইয়ে দিই। মনে হতো ওকে মিনা রঙের বালতি ভর্তি জল দিয়ে ভিজিয়ে দিই। একটা পিচকারি ভর্তি রঙ ওর গায়ে ছড়িয়ে দিই। কিন্তু সেই আশা আর পূর্ণ হতো না। ওর সাথে কাখনই রঙ খেলতে পারি নি। আমরা কাখনই এমন দিনে একসাথে ছিলাম না। একে অপরের ছবির মধ্যে রঙ লাগাতাম, আর চোখের জল ফেলতাম। এখন সাথে থাকি – এখন আর ওই ভাবে রঙ খেলা হয় না।

যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, তখনোও রঙ খেলা হতো, তবে আমি খুব একটা যেতাম না। একবার ভাঙ্গের লাড্ডু খেয়ে কয়েক ঘন্টা এক জায়গায় বসে ছিলাম – পরে জেনেছিলাম যে আমি নাকি কোথাও যাইনি বা কারো সাথে কথাই বলিনি ওই সময়টাতে। তারপর যখন বাঙ্গালোরের কলেজে ভর্তি হলাম, সেবারের হোলি ছিল মহান! হে হে হে। সত্যি মহান। আমরা সব্বাই মিলে সারাদিন রঙ খেল্লাম। ভাঙ খেলাম। হই চই করলাম। একটা জলের ট্যাঙ্কে রঙ ভর্তি করে সব্বাই মিলে ডুবোলাম। তারপর ছাদে গিয়ে জলের কলের তলায় বসে একজন আরেক জনের শরীর ঘষে ঘষে রঙ উঠালাম। খুব মজা হয়েছিল। তখনই প্রথম জানলাম যে হোলিকার সেই ঘটনার উপর ভিত্তি করে এখনও হোলিকার ঘর জ্বালানো হয়। ভালই ছিল বিকেলের এই অনুষ্ঠান।


এবার আর রঙ খেলার বিশেষ অবস্থা ছিল না। ওর অফিশ, আমারও অফিশ। খেলবো কোথায়? হয়তো গতবারের মত আজকে বাড়ি ফিরে দুজনে মিলে একটু খেলবো। তবে আজকে অফিশে এসেই যা হলো! হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই কিছু ভুত-প্রায় সহকর্মি এসে জুটলো আর রঙ্গে রঙ্গে ভরে গেল সবাই। তার পরই আমার এই অবস্থা। যাক, ভালই হলো। তবে মৈত্রী থাকলে আরো ভাল লাগতো। আরো একদিন তো আছে – দেখা যাক কি করতে পারি।

সবশেষে সব্বাইকে জানাই দোল পূর্ণীমার অশেষ শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও ভালবাসা। সবার জীবন হয়ে উঠুক আনন্দময়, রঙ্গিন এবং শুখময়। সবার হোলি শুভ হোক।

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০০৯

বিবাহবার্ষিকী

ছবিতে ক্লিক করে বড় করুন।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০০৯

ব্লগের ধান্দা কি মন্দা চলছে?

লেখা এবং পড়া দুটোই একসাথে হাতে হাত ধরে চলা ফেরা করে। মানে আপনার পড়া ঠিক ততটাই জরুরি, যতটা লেখা। নিয়মিত না পড়লে লেখা কষ্টকর হয়ে যায়। তাই আমি প্রায়ই বাংলা ব্লগ বা অন্যান্য ওয়েবসাইট পড়ি। ইদানিং দেখছি যে বেশ কয়েকটি ব্লগ এমন আছে যাতে বহুদিন যাবত নতুন কোনো লেখা লিখা হয়নি। অনেকগুলো ব্লগ এমন আছে, যা খুব সুন্দর করে শুরু করা হয়েছিল, কিন্তু এখন আর সেগুলোতে লেখা হয় না। অনেক ব্লগ এমনি এমনি পরে আছে, যেন অবিভাবকহীন। কেন? জানি না। হয়তো আমি বাংলা ব্লগের জগতে যতটা আগ্রহ নিয়ে এসেছি, ততটা আগ্রহ এখন আর এখানে নেই! জানি না, তবে যখন দেখি যে মার্চ ২০০৭ বা আগস্ট ২০০৮ এর পরে আর কোন লেখা হয়নি, তখন খুব কস্ট হয়। এর আরেকটা কারন হতে পারে যে আমার মত এত সময় কারো নেই যে ব্লগ লিখে লিখে নস্ট করবে। হা হা হা হা। সে যাই হোক, মোদ্দা কথাটা হল যে বেশ কিছু ব্লগ এখন আর আপডেট করা হচ্ছে না। আমার ব্লগে যে সব লিঙ্ক লাগিয়েছি, সেগুলোর মদ্ধেও কটা ব্লগ আছে যেখানে এখন আর লেখা হয় না।

এই তো হল আমার পড়া ব্লগ আপডেট। এবার কিছু ভাল খবর দিই। হ্যাঁ, কিছু খবর আছে বৈকি।

কিছুদিন আগে আমি অন্য একটি ব্লগে একটি ইংরেজি গল্প লেখার প্রতিযোগিতায় আমার একটা গল্প ছাপাই। এক মাসের এই প্রতিযোগিতায় অনেক লেখক লেখিকা গল্প লিখেছেন, এবং শেষ পর্যন্ত ৬ জনকে বেছে নেওয়া হয়েছে সবার চেয়ে ভাল লেখার জন্যে এবং একটি করে ব্যাজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জন হয়েছেন প্রথম, দ্বীতিয় ও তৃতীয়। আমার লেখাটা প্রথম ৬ জনের মধ্যে নেই, তবে পড়ুয়াদের ভোটে সবচাইতে জনপ্রীয় হয়েছে আমার লেখাটা এবং আমাকেও একটা ব্যাজ দেওয়া হয়েছে, যেটা আমি লাগিয়েছি আমার ইংরেজি গল্প/কবিতা-র ব্লগে। যদি কারো ইচ্ছে হয় তো এই লিঙ্কে গিয়ে পড়তে পারেন আমার লেখা ওই গল্প ও আরো অন্য ইংরেজি, হিন্দি বা বাংলা লেখা। ভাল লাগলে জানাবেন।

ভাল থাকুন, সুস্থ থাকুন।

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।