বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

যাবি তো যা তুই চলে

আমি তোকে ভালোবেসে
গিয়েছি এমন ফেঁসে
তোর কিছু যায় না এসে
বুকে মোর আগুন জ্বলে,
যাবি তো যা তুই চলে...

যাবি তো যা তুই চলে
আমাকে যাস না বলে
আমি যে নেশার ছলে
আঁধারে আছি বসে,
কি পেলাম ভালোবেসে?

কি পেলাম ভালোবেসে?
সব কিছু হারিয়ে শেষে
গৃহহারা নিজের দেশে
রাস্তার ধুলায় উড়ি,
মন আমার করলি চুরি...

মন আমার করলি চুরি
এই তোর বাহাদুরি
দু'দিনের জারিজুরি
তারপরই দিলি ঠেলে,
যাবি তো যা তুই চলে...

বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

চল থাকি নিরবে

কিছু ভালবাসা নিয়ে যেমন কাব্য রচনা হয়, তেমনি কিছু কিছু ভালবাসা রয়ে যায় মূক, অদৃশ্য, গোপন। তোর আর আমার মনে কি আছে, তা না হয় আমৃত্যু মনেই থেকে যাক, কি বল?

বুকে যা আছে থাক
মুখ খানি বুজে রাখ,
আর সবে জেনে কি হবে?
চল থাকি নিরবে॥

চোখে চোখে আলাপন
হৃদয়ের বন্ধন,
সুখেই তো আছি এভাবে।
চল থাকি নিরবে॥

মন খুলে যা বলি,
সে কথা কেবলই
      ব্যথার অশ্রু আনে,
তোর চোখে যা দেখি,
আর মনের বাদ বাকি
      লিখে দিলাম এ'গানে।

এ' স্বপ্ন অর্বাচীন
হবে সত্যি একদিন,
কাটুক জীবন এই ভেবে,
চল থাকি নিরবে॥


শুক্রবার, ৮ জুন, ২০১৮

আবার আসবে ঝড়


শান্ত এ পৃথিবী
বৃষ্টি থেমেছে কবেই,
তবু ভেজা ভেজা বাড়ি ঘর --

আজ আনমনে খেলছে খুকু,
ঝড়শেষের এই শান্তি টুকু
ভালো লাগছে ওর --


Image Source

গত জন্মের কিছু পাপ
রয়েছে বিধাতার অভিশাপ,
তাই ঝড় বৃষ্টির আনাগোনা --

বিনামূল্যে গালি খান
ভুলে থাকতে মদ্যপান,
সেটাও দিন হাতে গোনা --

এই হাঁসি এই কান্না
তিনি সুখটান দিতে যান না
তবু ফুসফুসে জল হয়তো --

মন কারতে গ্রিল চিকেন
তবু পদপৃষ্ঠই থাকেন,
অবহেলা মজ্জাগত --

চুপচাপ কেন চারিদিক?
ঘুমিয়ে আছে দাম্ভিক,
"নিরিবিলি কেটে পর" --

কোথাও নিশ্চই সে জানে
তার নিস্তার নেই জীবনে,
আবার আসবে ঝড় --

আবার আসবে ঝড়...

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

আমার পুটলি


সুজন মাঝি রে,
কোন ঘাটে লাগাইলা তোমার নাও?

নাওয়ের মাঝে
হাঁটের সাঁঝে,
পুটলি আমি খুঁয়েছি।

যেখান থেকে পারো এবার
(আমার) পুটলি আইন্যা দাও।

পুটলির মাঝে আসিল আমার
সাত রাজার ধন,
পুটলি বিনা আমার বুঝি
না কাটে জীবন।

বন্ধুর দেওয়া ডাক চিঠি
স্নেহের সম্ভাষণ,
জানের জান পুটলি আমার
বড়োই প্রয়োজন।

নাওয়ের দোলায়
আঁধার বেলায়,
পুটলি আমি খুঁয়েছি।

নাওয়ের খাঁজে, পুটলি খুঁজে
আমায় দিয়া যাও। 

বাংলা ভাষা

বাংলা শুনলেই আমার জ্বর আসতো। এখোনো একটা ভয় রয়েই গেছে। তবুও এই বাংলা ভাষাই আমার প্রিয়। কত কবিতা, কত গান, কত গল্প লিখেছি আমি বাংলায়। সেই পুরাতন দিন, যখন পাতার পর পাতা চিঠি লিখতাম আমার প্রিয়তমাকে, কবিতা লিখে পাঠাতাম বাংলায়। এবার আবার সুযোগ পেয়েছি বাংলায় লেখার। এ সুযোগ আমি ছাড়ব না।

আমার বাড়ি

আমার বাড়ি আগরতলায়, ত্রিপুরার রাজধানী। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তের ছোট্ট রাজ্য, ত্রিপুরা। জাতি উপজাতি মিলে মিশে থাকি আমরা। আমার বাড়ি ওখানে। ছোট্ট আমাদের শহর, আগরতলা। খুব সুন্দর জায়গা। আমার সবচাইতে প্রিয় শহর। তোমরা এসো - দেখে যেয়ো আমার বাড়ি।

ব্লগ সম্বন্ধীয়

এটা আমার প্রথম বাংলা ব্লগ। ব্লগ তো আমি অনেক লিখি, তবে বাংলায় এই প্রথম প্রচেস্টা। খুব ইচ্ছে ছিল বাংলায় লেখার। অনেক সফট্যার ঘাটা ঘাটি করে পেলাম এই উৎকৃসষ্ট অভ্র কিবোর্ড। এবার আমিও লিখব – বাংলা ভাষায়। মন খুলে, প্রাণ খুলে লিখব। আশা করি তোমরা পড়বে এবং উৎসাহ দেবে। ধন্যবাদ।

আমার কথা

আমার নাম তন্ময়।
আমি ভালবাসি লিখতে – কবিতা, গান, গল্প।
আর ভালবাসি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্য করতে।
জীবনকে ভালবাসি, এবং হাসিমুখে অভিনন্দন জানাই জীবনের প্রতিটি মোড়কে।
সব কাজ ভিন্ন ভাবে করতে চাই – কিন্তু বিভিন্ন কাজ করেই দিন যাপন করি।
ব্লগ লেখা শুরু ক’বছর আগে, তবে বাংলা ব্লগ এই প্রথম। আমার ভালো লাগে ব্লগ লিখতে। এখানে আমি একা হলেও, আমি প্রাণ খুলে লিখতে পারি। মনের কথা গোপন রাখার কোনো দরকার হয় না। নিজেকে উজাড় করে লিখতে পারি। এটা ছাড়াও আমার আর কয়েকটা ব্লগ আছে, যাদের লিঙ্ক দেওয়া আছে এখানে।
আমার লেখা পড়ে, যদি তোমার ভালো লাগে, তো খুশি হবো। মন্তব্য করতে ভুলো না যেন!

এই যে। কই চল্লেন? এদিকে আসুন।

আমার দুটো কথাঃ

ভালবাসলে যখন তুমি আমাকে, তবে কেন বলো দূরে সরে থাক
আজকের এই জোছনা ভরা রাত, আর জীবনে ফিরে আসবে নাকো।

  © Blogger template 'Personal Blog' by Ourblogtemplates.com 2008

একদম ওপরে চলুন।